নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিণ পাশে একটি মোবাইল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।
আহত দুই কর্মকর্তা হলেন ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) ও অফিস সহকারী রাসেল বাবু (২৮)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে ব্যাংকের চাহিদা অনুযায়ী বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে আবাদপুকুরের দিকে ফিরছিলেন নাজমুল ও রাসেল। পথে পারইল ব্রিজের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি তাঁদের পথরোধ করেন।
পরে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রাখে। এ সময় তাঁদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর এই সড়কে চলাচল করতে এলাকাবাসীকে প্রায়ই আতঙ্কে থাকতে হয়। মাঝেমধ্যে রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এবার প্রকাশ্য দিবালোকে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।



