কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে দেশটির সরকারের আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রি। রাজনৈতিক মতাদর্শের বিষয়টি একপাশে রেখেও মানবিক দৃষ্টিকোণ থেকে একজন মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
কারাগারে থাকার সময় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও একই দাবিতে ১৪ জন সাবেক অধিনায়ক সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।
এবার ইমরানের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রি। ‘রিপাবলিক ওয়ার্ল্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়।
শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন; ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার সুস্বাস্থ্য কামনা করে ভারতের সাবেক এই কোচ বলেন, ক্রিকেটে ইমরানের অবদান অসাধারণ। নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও ইমরানকে উল্লেখ করেন তিনি।
তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলেও মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেই ইতিহাসও স্মরণ করেন তিনি।
‘আশা করি দ্রুতই মুক্তি পাবেন’
ইমরান খান কবে কারাগার থেকে মুক্তি পাবেন—এমন প্রশ্নের জবাবে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই কারাগার থেকে বেরিয়ে আসবেন। এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের পরিস্থিতিকে অমানবিক বলেও মন্তব্য করেন শাস্ত্রি। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে; কিন্তু পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হিসেবে ইমরানের প্রতি আরও মানবিক আচরণ প্রত্যাশিত।
তবে কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার এবং তাকে পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।
ক্রিকেটে ইমরানের পরিসংখ্যান
পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ইতিহাসে তিনি পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে পরিচিত। ১৯৯২ সালে তার নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।



