tanaka
প্রচ্ছদসারাদেশকালকিনিতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৫

কালকিনিতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার মাছবাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও ছাত্রলীগের সভাপতি বাকামিনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানার দিকে যাওয়ার পথে মাছবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।

পরে পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহত ব্যক্তিরা হলেন কালকিনির ঝাউতলা গ্রামের রাকিব (৩৫), চর ঠেঙ্গামারার বিপ্লব হোসেন, উত্তর কৃষ্ণনগরের সারাফাত, রমজানপুরের আজিজুল এবং বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের ইকবাল মুন্সী (৪২)। তাঁদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।