বিএনপির দলীয় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ড. খন্দকার মারুফ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে অচিরেই নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ও দলের ‘ত্যাগী নেতা’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেন।
অভিনন্দন বার্তায় ড. খন্দকার মারুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, নির্লোভ, নিরহংকার ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে, তিনি তা যথাযথভাবে পালনে সক্ষম হবেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায় বিএনপি নেতা ড. খন্দকার মারুফ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় কর্মজীবন কামনা করেন এবং তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।



