বিশ্বের সর্ববৃহৎ কোবাল্ট উৎপাদক দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কঙ্গো (ডিআরসি)-র একটি তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে কমপক্ষে ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত সংখ্যক শ্রমিক খনিতে ঢোকার চেষ্টা করলে অতিরিক্ত ভিড়ে অস্থায়ী সেতুটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৫ নভেম্বর) দক্ষিণ-পূর্ব লুয়ালাবা প্রদেশের কালান্ডো খনিতে এ ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউমবে মেয়োন্ডে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারী বর্ষণ ও ভূমিধসের ঝুঁকির কারণে খনিতে প্রবেশে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি ছিল। তবুও শ্রমিকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে পানি ভর্তি গভীর খাল পার হওয়ার জন্য নির্মিত অস্থায়ী সেতুটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে।
ডিআরসি’র শিল্পোৎপাদন সহায়তা ও নির্দেশনা সংস্থা জানায়, নিষেধাজ্ঞা থাকায় শ্রমিকদের প্রবেশ ঠেকাতে সেনা সদস্যরা ঘটনাস্থলে ফাঁকা গুলি চালায়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই একসঙ্গে সেতুর দিকে দৌড় দিলে সেটি ধসে পড়ে বহু শ্রমিক হতাহত হয়। সংস্থাটির তথ্যমতে, দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।



