যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ছুরি হামলায় চারজন নিহত হয়েছেন। হামলাকারী ৩২ বছর বয়সী একজন ব্যক্তি, যিনি পরে পুলিশের গুলিতে নিহত হন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টাকোমার উত্তর-পশ্চিমের ‘কি পেনিনসুলা’ এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পিয়ার্স কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, এক ব্যক্তি ‘নো-কন্ট্যাক্ট’ আদালতের আদেশ লঙ্ঘনের সন্দেহে অভিযোগ পাওয়ার পর সকাল ৮টা ৪১ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আদেশটি প্রথমে কার্যকর হয়নি কারণ তা আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের কাছে পৌঁছে দেওয়া হয়নি। পুলিশ আদেশ পৌঁছে দিতে গেলে হামলাকারী বাইরে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত চালাতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলাকারী সকাল সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত শুরু করেন। তিন মিনিট পর পুলিশ গুলি চালিয়ে তাকে নিহত করে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আর চতুর্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।



