ফ্রান্সে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে ফরাসি মন্ত্রীদের সঙ্গে সরাসরি সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ফ্রান্সে এক ডানপন্থী কর্মী হত্যাকাণ্ড নিয়ে মার্কিন দূতাবাসের মন্তব্য ব্যাখ্যা দিতে রাষ্ট্রদূতকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এই প্রেক্ষাপটে ফরাসি কর্তৃপক্ষ তাকে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ এবং এটি বিদেশি পক্ষের মাধ্যমে ব্যবহার করা যাবে না। রাষ্ট্রদূতের তলব উপেক্ষা করা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
সম্প্রতি ফ্রান্সে কট্টর ডানপন্থী কর্মী কুইনটিন ডেরানকিউ বামপন্থী কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। এই ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রের রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে ঘিরে গত বছরের সহিংস ঘটনার সঙ্গে তুলনা করা হয়।
ফরাসি কূটনৈতিক সূত্র জানায়, রাষ্ট্রদূতের আচরণকে একজন কূটনীতিকের মৌলিক দায়িত্ব সম্পর্কে ভুল বোঝাবুঝি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফরাসি সরকার আপাতত তাকে মন্ত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত রাখছে।
উল্লেখ্য, এ বিষয়টি কুশনারের জন্য দ্বিতীয়বারের মতো তলব উপেক্ষার ঘটনা। ২০২৫ সালের আগস্টে ফ্রান্সে ইহুদিবিরোধী হামলার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাকে ব্যাখ্যা দিতে ডাকা হয়েছিল।



