সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে—দুই ফরম্যাটেই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শুক্রবার প্রকাশিত এই আপডেটে দেখা গেছে, নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
পুরুষদের টেস্ট র্যাঙ্কিং
হালনাগাদ অনুযায়ী, অস্ট্রেলিয়া (১৩১) ও দক্ষিণ আফ্রিকা (১১৯) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারত (১০৪) তৃতীয় স্থানে উঠে এসেছে, আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। নিউজিল্যান্ড (১০১) খুব কাছাকাছি অবস্থানে থেকে পঞ্চম স্থানে রয়েছে।ইংল্যান্ডের অবস্থান পতনের অন্যতম কারণ হলো ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কিছু গুরুত্বপূর্ণ সিরিজ ফলাফল র্যাঙ্কিং থেকে বাদ পড়া। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে জয় এবং পাকিস্তানে ৩-০ ব্যবধানে সিরিজ জয়।
এদিকে শ্রীলঙ্কাকে (৮৬) টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান (৮৯)। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের প্রভাব কমে যাওয়া এবং ইংল্যান্ডের কাছে ৩-০ হোম সিরিজ হার বাদ পড়ায় তাদের অবস্থান উন্নত হয়েছে।



