ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গত ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। সেখান থেকে ৫৩ টাকা বাড়িয়ে জানুয়ারি মাসের জন্য নতুন দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।



