দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য নতুন সফটওয়্যার ডেমো প্রদর্শনীর সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে। সভায় সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডেমো প্রদর্শনী সকাল ১১টায় শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, এবং উপস্থিত থাকবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সফটওয়্যারটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও টেলিটক যৌথভাবে তৈরি করেছে। ইতিমধ্যেই ট্রায়ালে এর কার্যকারিতা সন্তোষজনক প্রমাণিত হয়েছে। সভায় চূড়ান্ত অনুমোদন মিললে বদলি কার্যক্রম দ্রুত শুরু হবে।
আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির সুযোগ সীমিত ছিল। এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা নতুন প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আবেদন করতেন, তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এই সুযোগ বন্ধ হয়ে যায়। পরে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলির জন্য নীতিমালা প্রণয়ন করে। সফটওয়্যার তৈরি ও নীতিমালা সংশোধনের কারণে এখনো বাস্তবায়ন হয়নি।



