tanaka
প্রচ্ছদজাতীয়বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে সরকারের নতুন উদ্যোগ

বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে সরকারের নতুন উদ্যোগ

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের অযৌক্তিক মূল্য ব্যবধানের কারণ উদঘাটনে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত এই কমিটি বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি পরিদর্শনের পর খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য দামের ব্যবধান লক্ষ্য করা যায়। এই ব্যবধানের প্রকৃত কারণ খুঁজে বের করতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য ও অন্যান্য পেশাজীবী নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখনও আমদানি নির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি বা পরিবহন ব্যয় বেড়ে গেলে তার প্রভাব দেশের বাজারে পড়া স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণজনিত কারণে পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়তে দেওয়া হবে না।

বিদেশি ফলের বিষয়ে মন্ত্রী জানান, আপেল, আঙুর ও কমলা মতো সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনে নীতিগত পদক্ষেপ নিতে পারে। তবে অত্যধিক দামি বিলাসী ফলের ক্ষেত্রে শুল্ক কমানোর প্রয়োজন নেই।

মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসার মূল চালিকা শক্তি ব্যবসায়ীই। সরকারের কাজ হলো ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং বাজার যেন বাধাহীন ও স্বাভাবিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করা।

রমজান মাস উপলক্ষ্যে মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করলে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন হবে। তিনি চলতি রমজান মাসে ভোজ্যতেলের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকার জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তবে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও সীমিত বিক্রির অজুহাতে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।