সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। গত ২৩ নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তারেক রহমানের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে ও বসে তারা অপেক্ষা করছেন। কারো টি-শার্টে তারেক রহমানের ছবি, কারো ক্যাপে বা ফিতায় তার ছবি দেখা যাচ্ছে। এভার কেয়ারের সামনে আইন-শৃঙ্খলা বাহিনী এসএসএফসহ সতর্ক অবস্থানে রয়েছে।
বরিশাল থেকে সাকিব জানান, সংবর্ধনা স্থলে এত ভিড় রয়েছে যে সেখানে যাওয়া সম্ভব নয়। তাই তিনি সরাসরি এভার কেয়ারের সামনে অবস্থান করেছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সামনে থাকা নেতাকর্মীরাও উল্লসিত।
অনেকে ঐতিহাসিক এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি ও ভিডিও ধারণ করছেন।



