বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন মেয়াদি নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকালে উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৪ জুন) এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। একই সভায় সংশোধিত অধ্যাদেশের আওতায় অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, একই সিন্ডিকেট সভায় অধ্যাদেশ সংশোধন এবং সেই সংশোধিত বিধান অনুযায়ী নিয়োগ অনুমোদন দেওয়ার প্রক্রিয়া বিধিবহির্ভূত ছিল। এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্ত বাতিল করে ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট সভার তারিখ থেকে ইমেরিটাস অধ্যাপক পদের বিপরীতে তিনি যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



