মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “বিপজ্জনক পরিণতি” ডেকে আনতে পারে।
শনিবার (৭ মার্চ) রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
আলোচনায় তামিম বিন হামাদ আল থানি চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে তার প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।
ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া উত্তেজনা কমানো এবং নতুন সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ সমর্থনের কথাও আলোচনা হয়েছে।



