জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর দলের নেতাকর্মীদের জন্য বিনামূল্যে কোর্স চালুর ঘোষণা দিয়েছেন মেঘনা আলম। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গ টেনে মেঘনা আলম লেখেন, কিছুক্ষণ আগে পাটওয়ারী ফোন করে শিগগিরই তার বাসায় যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। নির্বাচনের আগেই দেখা করতে চেয়েছিলেন, তবে গণমাধ্যম ইতিবাচক বিষয়কেও নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে—এই আশঙ্কায় আসেননি বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক শিষ্টাচারের এ ধারা যেন সব বাধা অতিক্রম করে অব্যাহত থাকে—এ প্রত্যাশা জানান মেঘনা।
তিনি আরও লেখেন, পাটওয়ারী তার কাছে শেখার আগ্রহ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে এনসিপির তরুণ নেতাকর্মীদের জন্য ফ্রি কোর্সের প্রস্তাব দেন তিনি, যার আয়োজনের আশ্বাস দিয়েছেন পাটওয়ারী। মেঘনার মতে, যারা মাঠপর্যায়ের রাজনীতি ও গণজাগরণের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা এবং রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়া ব্যক্তিদের জ্ঞান একত্রিত হলে দেশ গঠনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
পোস্টে মেঘনা আলম নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি স্নেহের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, যদি তার জয় অন্য কোনো দলকে ক্ষমতায় আসার সুযোগ তৈরি না করত, তবে তিনি নিজ প্রচার ও পোলিং এজেন্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতেন না। একই সঙ্গে তিনি এমন কোনো দলকে ক্ষমতায় দেখতে চান না, যারা নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে। ভবিষ্যতে আদর্শগত পরিবর্তন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করেন।
শেষে মেঘনা আলম বিভেদ ও শত্রুতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেন। দেশ ও জনগণের কল্যাণে ঐক্য, সম্প্রীতি এবং পরিষ্কার নিয়তের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।



