টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য নতুন ‘কৃষক কার্ড’ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে এটি সীমিত পরিসরে, অঞ্চলভিত্তিক পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। পরে পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা।
মন্ত্রী জানান, কৃষক কার্ড বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। তিনি বলেন, “কৃষক কার্ড দেওয়ার বিষয়টি আমাদের নির্বাচনি অঙ্গীকার ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা দ্রুতই ফ্যামিলি কার্ডের আদলে কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করতে চাই।”
কবে নাগাদ কার্ড বিতরণ শুরু হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না। কারণ, বাস্তবায়নের আগে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ে প্রকল্পটি চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।
মন্ত্রী আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো ধরনের লিকেজ বা মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সেজন্য স্মার্ট কার্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ স্থাপন হবে, ফলে কৃষক যেমন সরাসরি সুবিধা পাবেন, তেমনি সরকারও তাদের সমস্যা ও চাহিদা দ্রুত জানতে পারবে।



