জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার অভিযোগ, দলটিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করা হচ্ছে।
রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, “এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো নাহিদ-আসিফরাও বুঝতে পারছে না, কীভাবে জামায়াত-শিবির এনসিপির নিয়ন্ত্রণ নিচ্ছে।”
তিনি দাবি করেন, এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা অতীতে এ বিষয়ে সতর্ক থাকলেও বর্তমানে জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
রাশেদ খানের মতে, এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছিল এবং দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন একটি দলের প্রয়োজনও ছিল। তবে সেই সম্ভাবনা কাজে লাগানো হয়নি।
তিনি বলেন, “জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে দাঁড়াতে পারত। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ সংস্করণের প্রয়োজন ছিল না।”
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, দলটির রাজনৈতিক যাত্রার শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাব ছিল।
তার ভাষায়, “৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপির বসন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে হয়তো জামায়াতের মধ্যেই বিলীন হয়ে শতভাগ বসন্ত হবে।”
রাশেদ খান মনে করেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সৃষ্ট শূন্যতা পূরণের একটি বড় সুযোগ এনসিপির সামনে ছিল। কিন্তু নেতৃত্বের ব্যর্থতায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।
তিনি বলেন, “এনসিপির ব্যর্থতার কারণে আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। অথচ আওয়ামী শূন্যতা পূরণে এনসিপির সামনে একটি বড় সুযোগ ছিল। সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে।”



