দীর্ঘ প্রায় এক দশক পর অবশেষে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় ইসলামী লেখক শফিউর রহমান ফারাবী। শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, হাইকোর্টের বিচারপতি বেঞ্চ শফিউর রহমান ফারাবীর জামিন মঞ্জুর করেন। তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান এবং মুহাম্মাদ হুজ্জাতুল ইসলাম খান। তারা আদালতে জানান, চলতি মামলার চার আসামির স্বীকারোক্তি শফিউরের বিরুদ্ধে নেই, কোনো প্রত্যক্ষ সাক্ষী তার নাম উল্লেখ করেননি এবং তিনি নিজেও কোনো স্বীকারোক্তি দেননি। এছাড়া দীর্ঘ সময় কারাগারে থাকার বিষয়টিও বিবেচনা করা হয়।
এরপর চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন, ফলে হাইকোর্টের আগের জামিন আদেশ বহাল থাকে।
উল্লেখ, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।



