আজ ভালো লাগছে—আমরা সবাই বেগম খালেদা জিয়ার প্রতি মুক্তভাবে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারছি। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভালোবাসা যেমন প্রকাশ করতে পারছে, তেমনি ঘৃণাও প্রকাশ করতে পারছে। এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার আয়োজিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে একটি অদ্ভুত ও নজিরবিহীন বিচার হয়েছে। তিনি আইনজীবীদের বক্তব্য শুনে বিস্ময়ের সঙ্গে বলেছিলেন, “কি! আমি এতিমের টাকা মেরে খেয়েছি?” অথচ সেই বক্তব্যকেই বিচারকের রায়ে এমনভাবে লিপিবদ্ধ করা হয় যেন বেগম জিয়া নিজেই অপরাধ স্বীকার করেছেন। তিনি বলেন, এমন জঘন্য বিচার আগে কখনও দেখিনি।
তিনি আরও বলেন, এই বিচারের প্রতিবাদে বিবৃতি দেওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরেছি, ফোন করেছি অনেককে। কিন্তু চারজনের বেশি রাজি হননি। পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সে বিবৃতি পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়নি। খালেদা জিয়া যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, তখন তাকে বিদেশে পাঠানোর জন্য বহু মানুষের কাছে অনুনয় করেছি। অনেকের ইচ্ছা থাকলেও সাহসের অভাবে তারা এগিয়ে আসেননি।
আইন উপদেষ্টা বলেন, তিনি জীবিত থাকাকালে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি—বেগম জিয়া ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। আমি বিশ্বাস করি, তিনি এখন অবশ্যই ভালো আছেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভালো আছে? বাংলাদেশকে যদি সত্যিই ভালো থাকতে হয়, তাহলে বেগম জিয়াকে আমাদের চিন্তা ও চেতনায় ‘ইন্টারনালাইজড’ করতে হবে।



