রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট ও আশপাশের এলাকায় মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় রিকশাসহ ছোট যানবাহনের ভাড়াও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে পানি জমতে শুরু করে। প্রায় এক ঘণ্টা পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল।
সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং নিউমার্কেটের দ্বিতীয় ফটক পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা।
ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে পানি জমে থাকায় আবাসিক হলের শিক্ষার্থীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া কিংবা হলে ফেরার সময় তাদের পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে।
জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনাও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
নূরজাহান সুপার মার্কেটের দোকানদার আব্দুল গফুর বলেন, ‘প্রায় ২০ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি। একটু বৃষ্টি হলেই মার্কেটের সামনে পানি জমে যায়। পানি উঠলে ক্রেতাও থাকে না। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।’
ঢাকা কলেজের শিক্ষার্থী মিজান বলেন, ‘বৃষ্টি হলেই ঢাকা কলেজের গেট থেকে নায়েমের গলি ও হলপাড়া পর্যন্ত জলাবদ্ধতা তৈরি হয়। রাস্তায় পানি জমে থাকায় খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে।’
ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নিউমার্কেট ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।



