একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের প্রার্থীকে জয়ী করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিকল্পিতভাবে দলীয় ভোটারদের রাজধানীতে স্থানান্তর করেছে—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে। তিনি দাবি করেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। কিন্তু বাস্তবে ইসির আচরণ অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ।’
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, মাঠপর্যায়ের বহু কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে ন্যক্কারজনকভাবে কাজ করছেন। এসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইসির অনেক সিনিয়র কর্মকর্তাও একটি দলের হয়ে কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আমরা কমিশনকে অনুরোধ করেছি।’
পোস্টাল ব্যালট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পোস্টাল ব্যালটের অনিয়মের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। ব্যালট পেপার বিতরণ নিয়েও আমাদের গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্রের তথ্য, বিকাশ ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা।’



