tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিএআইয়ের ‘দ্বিতীয় চোখে’ মস্তিষ্কের অস্ত্রোপচার, দৃষ্টিশক্তি ফিরে পেলেন রোগী

এআইয়ের ‘দ্বিতীয় চোখে’ মস্তিষ্কের অস্ত্রোপচার, দৃষ্টিশক্তি ফিরে পেলেন রোগী

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সরাসরি সহায়তায় প্রথমবারের মতো জটিল মস্তিষ্কের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার দাবি করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। অস্ত্রোপচারে ৪৮ বছর বয়সী রাইস হিবার্টের মস্তিষ্ক থেকে একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকদের আশঙ্কা ছিল, সময়মতো অস্ত্রোপচার না হলে টিউমারের চাপে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারতেন।

বেডফোর্ডশায়ারের বাসিন্দা ও দুই সন্তানের বাবা হিবার্টের অস্ত্রোপচার করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের (ইউসিএলএইচ) সার্জনরা। অস্ত্রোপচারের সময় এআই প্রযুক্তি লাইভ ভিডিও বিশ্লেষণ করে মস্তিষ্কের আড়ালে থাকা গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ুর সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করে। এতে ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে টিউমার অপসারণের তুলনামূলক নিরাপদ পথ বেছে নেওয়া সম্ভব হয়।

হিবার্টের ভাষায়, রোগীর নিরাপত্তার ক্ষেত্রে এই প্রযুক্তির সম্ভাবনা স্পষ্ট। কারণ, মস্তিষ্কের ভেতরে কোন পথে এগোলে ঝুঁকি কম হবে, তার কোনো ‘রাস্তার নির্দেশনা’ থাকে না।

প্রায় দেড় বছর আগেও স্বাভাবিক জীবনযাপন করছিলেন হিবার্ট। পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক এই ব্যক্তি নিয়মিত দুপুরের বিরতিতে প্রায় দুই মাইল হাঁটতেন। একদিন হাঁটার সময় হঠাৎ তিনি রাস্তায় পড়ে গিয়ে অচেতন হয়ে যান এবং খিঁচুনি শুরু হয়।

পরবর্তী পরীক্ষায় তার পিটুইটারি গ্রন্থির ওপর ১১ মিলিমিটার আকারের একটি অ-ক্যানসারাস টিউমার ধরা পড়ে। খুলির গোড়ায় অবস্থিত ছোট এই গ্রন্থি শরীরের বৃদ্ধি, বিপাক, রক্তচাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন হরমোন নিঃসরণ করে।

সময় গড়ানোর সঙ্গে টিউমারটি অপটিক নার্ভের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এর ফলে হিবার্টের পার্শ্বীয় দৃষ্টিশক্তি কমে যায়। পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা এবং হাঁটার সময় বিভিন্ন জিনিসে ধাক্কা খাওয়ার মতো সমস্যাও দেখা দেয়।

অসুস্থতার সবচেয়ে বড় প্রভাব তার মানসিক অবস্থার ওপর পড়েছিল বলে জানান হিবার্ট। ১৮ বছরের দাম্পত্য জীবনে প্রতিদিন সকালে স্ত্রীকে এক কাপ কফি বানিয়ে দেওয়ার অভ্যাস ছিল তার। সেই স্বাভাবিক জীবনযাপন থেমে যাক, তা তিনি চাননি।

এআই-সহায়তায় প্রথমবারের মতো এমন অস্ত্রোপচারে অংশ নেওয়ার সুযোগ পেয়ে তাই তিনি পিছিয়ে যাননি। গবেষণায় রোগীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হিবার্ট বলেন, রোগীরা অংশ নিতে আগ্রহী না হলে চিকিৎসকরাও নতুন পদ্ধতি সম্পর্কে শিখতে পারবেন না এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিও বাধাগ্রস্ত হবে।

যেভাবে কাজে লাগানো হয় এআই

অস্ত্রোপচারে রোগীর নাক দিয়ে একটি সরু এন্ডোস্কোপ প্রবেশ করিয়ে খুলির গোড়ায় পৌঁছান সার্জনরা। টিউমারটি হাড় ও শক্ত ঝিল্লির একাধিক স্তরের আড়ালে থাকায় নিরাপদে সেটি অপসারণের পথ নির্ধারণ করা ছিল বেশ জটিল। তাছাড়া মানুষের মস্তিষ্কের গঠনে ব্যক্তি ভেদে পার্থক্য থাকায় একই পদ্ধতি সব রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না।

এই জায়গাতেই সহায়ক হিসেবে ব্যবহার করা হয় এআই। অস্ত্রোপচারের সময় আলাদা একটি স্ক্রিনে লাইভ ভিডিও বিশ্লেষণ করে প্রযুক্তিটি সার্জনদের ব্যবহৃত যন্ত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য রক্তনালি ও স্নায়ুর অবস্থান চিহ্নিত করতে সহায়তা করে। পাশাপাশি টিউমার অপসারণের জন্য সম্ভাব্য নিরাপদ এলাকাও শনাক্ত করে।

গবেষকদের তৈরি এআই ব্যবস্থা শত শত পিটুইটারি টিউমার অপসারণের অস্ত্রোপচারের ভিডিও দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে। অধ্যাপক হানি মার্কাসের মতে, বিপুলসংখ্যক অস্ত্রোপচারের তথ্যের ওপর প্রশিক্ষিত হওয়ায় প্রযুক্তিটি সার্জনের জন্য একজন ‘দ্বিতীয় চোখের’ মতো কাজ করতে পারে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, এআই কোনোভাবেই অস্ত্রোপচারের নিয়ন্ত্রণ নেয়নি। পুরো প্রক্রিয়ায় সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণ ছিল সার্জনদের হাতেই। ভবিষ্যতে এমন একটি এআই ব্যবস্থা তৈরির লক্ষ্য রয়েছে, যা অস্ত্রোপচারের সময় একজন অতিরিক্ত বিশেষজ্ঞের মতো প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে।

অস্ত্রোপচারের পর হিবার্টের দৃষ্টিশক্তিতে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। তার বর্ণনা অনুযায়ী, চোখ খোলার পর মনে হয়েছিল যেন চারপাশের দৃষ্টি অনেকটাই ফিরে এসেছে। এক বছর ধরে তিনি এত পরিষ্কারভাবে দেখতে পারেননি।

অস্ত্রোপচারের আট সপ্তাহ পরও তার দৃষ্টিশক্তি কয়েক দিন পরপর আরও উন্নত হচ্ছিল। আগের ক্লান্তি ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াও কমে গেছে বলে জানান তিনি। হিবার্টের মতে, অস্ত্রোপচারটি তাকে প্রায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য উদ্ভাবনমন্ত্রী জেমস ফ্রিথও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার অংশ হিসেবে এমন একটি জীবন-পরিবর্তনকারী চিকিৎসা সফল হওয়াকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় এআই ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি