ঝিনাইদহের কালীগঞ্জে তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারি ঋণ কর্মসূচির চূড়ান্ত তালিকায় নাম না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শামীম হোসেন নামের এক ছাত্রদল নেতা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান তিনি।
ভিডিওটির ক্যাপশনে শামীম লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’
শামীম হোসেন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
জানা গেছে, নতুন উদ্যোক্তাদের স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এ কর্মসূচিতে ঋণ পেতে আবেদন করেছিলেন শামীম। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায়ও অংশ নেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করা হলে সেখানে তাঁর নাম পাওয়া যায়নি। এরপরই ক্ষোভ প্রকাশ করে ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।
ভিডিওতে শামীম বলেন, কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করেছিলেন। প্রাথমিক পর্যায়ে তাঁদের মধ্য থেকে ৫০ জনকে বাছাই করা হয়। সেই তালিকায় তিনিও ছিলেন। খুলনায় গিয়ে ভালোভাবেই মৌখিক পরীক্ষা দিয়েছেন বলে দাবি করেন তিনি।
শামীমের ভাষ্য, প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে ছাত্রদলের পদধারী ছিলেন মাত্র দুজন। অন্যজন ছিলেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তৌহিদ। দলীয় পরিচয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের যোগ্যতার ভিত্তিতে তাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন বলে আশা করেছিলেন।
সরকারের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী হবেন এবং নিজেদের প্রতিষ্ঠানে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। কিন্তু চূড়ান্ত তালিকায় কারা কীভাবে নির্বাচিত হয়েছেন, তা নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, তালিকায় আওয়ামী পরিবারের সন্তানদের স্থান দেওয়া হয়েছে, যাঁদের কেউ কেউ আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে ধরে শামীম বলেন, অতীতে দলের দুর্দিন ও আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। রাজনীতি করতে গিয়ে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে, নষ্ট হয়েছে শিক্ষাজীবনের দুই বছর। পরীক্ষা চলাকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল এবং তাঁকে ৮৭ দিন কারাগারেও থাকতে হয়েছে।
তিনি আরও জানান, সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তাঁরা। তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করতে পারেন এবং বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্যেই আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
শামীম বলেন, ‘আজকে আমাদের দল ক্ষমতায়, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী। অথচ এমন একটি সুন্দর উদ্যোগ থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে।’ তাঁর অভিযোগ, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচিত করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি চূড়ান্ত তালিকায় নির্বাচিত ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর আশঙ্কা, দলের ভেতরে থাকা সুবিধাভোগীরা একসময় বিএনপির ক্ষতি করতে পারেন। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ছাত্রনেতারা শুধু মামলা ও কারাবরণের শিকার হয়েছেন, কিন্তু দল ক্ষমতায় আসার পরও তাঁদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নিজের ব্যবসা সম্পর্কে শামীম জানান, তাঁর পাখি ও কবুতরের একটি খামার রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি গরুর খামারও শুরু করেছেন। প্রস্তাবিত ঋণটি পেলে ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা ছিল তাঁর।
ভিডিওর শেষ অংশে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে শামীম বলেন, এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল, সভা কিংবা কর্মসূচিতে তিনি আর অংশ নেবেন না। দলীয় কোনো প্রয়োজনে তাঁকে ফোন না করার এবং না ডাকার অনুরোধও জানান তিনি। পাশাপাশি অতীতে কারও সঙ্গে ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে রাজনীতির সঙ্গে নিজের সম্পৃক্ততার ইতি টানেন।
ভিডিওটি প্রকাশের কারণ ব্যাখ্যা করে শামীম বলেন, কারও প্ররোচনায় কিংবা কাউকে ছোট করার উদ্দেশ্যে তিনি এটি করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন, অথচ দল ক্ষমতায় আসার পরও অবহেলার শিকার হয়েছেন বলে মনে করেন তিনি। এই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, শামীমের ফেসবুকে প্রকাশিত ভিডিওটি তিনি দেখেছেন। তবে ব্যস্ততার কারণে এখনো তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



