বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে চূড়ান্ত সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন, গেজেট প্রকাশ ও চাকরিতে যোগদানের প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগায় সেই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। আগের বিসিএসগুলোর নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় এর প্রভাব পড়ছে পরবর্তী বিসিএসের ফল প্রকাশেও।
এরই ধারাবাহিকতায় অনিশ্চয়তায় পড়েছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ। গত ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত রাখা হয়েছে। মূলত একই প্রার্থী একাধিক বিসিএসে একই ক্যাডারে সুপারিশ পাওয়ার ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিএসের নিয়োগ কার্যক্রমে দীর্ঘসূত্রতার চিত্র আগের কয়েকটি পরীক্ষাতেও দেখা গেছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু নয় মাসের বেশি সময় পার হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় এখনো গেজেট প্রকাশ করতে পারেনি।
অন্যদিকে, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের ফলে ১ হাজার ৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডারসহ মোট ১ হাজার ৫২১ জনকে সুপারিশ করা হয়। তবে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও পুলিশ ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের কার্যক্রম শেষ হয়নি।
এর আগে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট জারি ও প্রার্থীদের যোগদান সম্পন্ন করতে প্রায় ১১ মাস সময় লেগেছিল। পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ করতেও প্রায় চার বছর অপেক্ষা করতে হয়েছে।
রিপিট ক্যাডার জটিলতায় শূন্য থাকার আশঙ্কা পদ
পুলিশ ভেরিফিকেশন ও গেজেট প্রকাশে বিলম্বের কারণে রিপিট ক্যাডার সমস্যা আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা। আগের বিসিএসে সুপারিশ পেয়েও চাকরিতে যোগ দিতে না পারায় অনেক প্রার্থী পরবর্তী বিসিএসে অংশ নিচ্ছেন। সেখানে আবারও একই ক্যাডারে সুপারিশ পাওয়ার ঘটনা ঘটছে।
এতে প্রতিটি বিসিএসে প্রায় ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকার আশঙ্কা তৈরি হচ্ছে। এর উদাহরণ হিসেবে ৪৪তম বিসিএসের কথা উল্লেখ করছেন চাকরিপ্রার্থীরা। ওই বিসিএসের ১ হাজার ৭১০টি পদের বিপরীতে প্রায় ৪০০ জন প্রার্থীই ছিলেন রিপিট ক্যাডার।
নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি প্রার্থীদের
দীর্ঘ অপেক্ষার কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ছে। তাদের মতে, পুলিশ যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের জন্য কোনোভাবেই দুই মাসের বেশি সময় নেওয়া উচিত নয়।
একই সঙ্গে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল, গেজেট জারি এবং চাকরিতে যোগদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন তারা।
বাদ পড়া প্রার্থীদের পুনরায় যাচাইয়েও ধীরগতি
নিয়মিত গেজেট প্রকাশের পাশাপাশি বাদ পড়া প্রার্থীদের পুনরায় যাচাই বা রি-ভেরিফিকেশন কার্যক্রমেও ধীরগতি দেখা যাচ্ছে।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৯ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন-সংক্রান্ত জটিলতার কারণে বাদ পড়েন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের পুনরায় যাচাইয়ের কাজ শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। তবে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। অন্যদের সঙ্গে যোগাযোগ এবং পুরো কার্যক্রম শেষ করার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি।
এদিকে, ৪৮তম বিসিএসে নিয়োগ থেকে বঞ্চিত ২৭ জন প্রার্থীর পুনরায় যাচাই কার্যক্রম শুরু হয়েছে। তবে দ্রুত এই প্রক্রিয়া শেষ করে সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় তাদের পারিবারিক ও সামাজিক চাপও ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন তারা।
গেজেট প্রকাশের নির্দিষ্ট সময় জানাতে পারেনি মন্ত্রণালয়
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, গেজেট প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। তবে এটি কবে নাগাদ প্রকাশ করা সম্ভব হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।



