ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সমিতির মহাসচিব সাইফুল আলম জানিয়েছেন, ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মহাসড়কে এসব ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। বুধবার (২০ মে) সমিতির আওতাধীন সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সীমিত রাখা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ও পরে মোট ছয়দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কের পাশে যানবাহন পার্কিং করতেও নিরুৎসাহিত করা হয়েছে।
তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, সার ও জ্বালানি পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সমিতির নেতাদের নির্দেশনায় আরও বলা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই পণ্য বা পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করা হয়, বিশেষ করে ফিরতি পথে এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়েছে।



