tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদরাজনীতিঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পবিত্র ঈদুল আজহার দিন তিনি রাজধানীর পল্লবীতে রামিসাদের বাসায় যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এসময় রামিসার পিতার কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। এছাড়া রামিসার বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্বও তিনি নিয়েছেন। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তাদের পরিবারের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, দলের সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।