ইরানে ফের মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইরানের বন্দরনগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ তথ্য জানিয়েছে বিবিসি।
মার্কিন হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে উঠেছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। গত তিন মাস ধরে চলা সংঘাতের অবসানে আলোচনা চলছিল বলে জানা গেছে। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা সরাসরি বিশ্ববাজারে জ্বালানির দামে প্রভাব ফেলে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল তেহরান।



