ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইসরায়েলকে ‘অবশ্যই সমূলে উৎখাত করতে হবে’। পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপজ্জনক ও মরণঘাতী ক্যানসারসদৃশ টিউমার’ বলেও উল্লেখ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় খামেনি দাবি করেন, ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের’ সময় ইরান তার শক্তিশালী হামলার মাধ্যমে ‘জায়নবাদী শাসনকে অসহায় অবস্থায়’ ফেলেছিল। একই সঙ্গে তিনি এটিকে যুক্তরাষ্ট্রের জন্যও একটি ‘কঠোর চপেটাঘাত’ বলে আখ্যা দেন।
তিনি আরও বলেন, চলতি বছরের হজ মৌসুমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। তার ভাষায়, ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েল ধ্বংস হোক’—এ ধরনের স্লোগান মুসলিম উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে।
মোজতবা খামেনির মতে, ভবিষ্যৎ ইসলামি উম্মাহ এবং একটি নতুন ইসলামী সভ্যতার হাত ধরেই এগিয়ে যাবে।



