পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
শনিবার (৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং এ দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিন। ওই দিন পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ শারজাহর আকাশে ১৯ মার্চ ভোর ৪টা ২৪ মিনিটে ঘটবে। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্যের সঙ্গে এর কৌণিক দূরত্ব থাকবে প্রায় ৬ দশমিক ৫ ডিগ্রি এবং পশ্চিম দিগন্তে এর উচ্চতা হবে প্রায় ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে অবস্থান করবে।
অ্যাকাডেমি জানিয়েছে, এসব পরিস্থিতির পরও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার পরিবেশ অনুকূল নাও হতে পারে। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও স্থানীয়ভাবে চাঁদ দেখা কঠিন হতে পারে এবং খালি চোখে দেখা প্রায় অসম্ভব।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, উন্নত প্রযুক্তি যেমন ‘ইমেজ স্ট্যাকিং’ পদ্ধতি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে। এছাড়া পশ্চিমে অবস্থিত কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক অবস্থানের কারণে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে একাডেমি জানিয়েছে, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শাওয়াল মাসের শুরু এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।



