আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার সংবাদপত্র শিল্পে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে। ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের দৈনিক সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে।
এর আগে ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও দীর্ঘ ছুটির ঘোষণা দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ছুটির ঘোষণায় চাকরিজীবীদের মধ্যে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময় কাটাতে অনেকেই ইতোমধ্যে রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। ফলে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ বাড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রস্তুতি জোরদার করছে।
তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাসহ গুরুত্বপূর্ণ খাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। এছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাঠানো হয়েছে।



