tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

আজ (১ জুন) থেকে দেশে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল। নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা বহাল রাখা হয়েছে। ফলে মে মাসের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।

গত মে মাসে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হয়েছে। একই সময়ে ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা, যা জুন মাসেও অপরিবর্তিত থাকছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে ডিজেলের দাম ১১৫ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা নির্ধারণ করেছিল। একই প্রজ্ঞাপনে পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। সেই মূল্য অনুযায়ী এতদিন দেশের বাজারে জ্বালানি তেল বিক্রি হয়েছে।

সরকারের বিদ্যমান মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। জুন মাসের নতুন মূল্যও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর করা হয়েছে।