আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে চলমান আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১০০টি আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংবাদিকদের জানান, এদিন ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি আপিলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। অন্যদিকে ৮১টি আপিল বাতিল হয়েছে এবং ২৩টি আপিল এখনো বিচারাধীন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।
প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারাদেশে বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



