প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সোমবার (২ মার্চ) কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তেহরান জানিয়েছে, এসব হামলায় ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি সেনাবাহিনীর বীরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি জানিয়েছে—তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ঢেউ ইসরাইলের বীরশেবা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ওই শহরে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি প্রকাশ করে দাবি করে, সেটিই বীরশেবা শহরের লক্ষ্যবস্তু ভবন। সেখানে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে বলেও উল্লেখ করা হয়, যার মধ্যে Microsoft-এর অফিসও আছে বলে দাবি করা হয়েছে।



