tanaka
প্রচ্ছদজাতীয়মধ্যপ্রাচ্যে সংঘাতে ২ বাংলাদেশির মৃত্যু, সরকারের গভীর উদ্বেগ

মধ্যপ্রাচ্যে সংঘাতে ২ বাংলাদেশির মৃত্যু, সরকারের গভীর উদ্বেগ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে ইরান। এ প্রেক্ষাপটে অঞ্চলজুড়ে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

সোমবার (২ মার্চ) প্রবাসী বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংঘাতের জেরে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। পাশাপাশি আমিরাতের জেবেল আলি বন্দরে বাংলাদেশের একটি জাহাজ আটকা পড়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিরাতে সিলেটের বড়লেখা উপজেলার সালেহ আহমেদ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হন। বাহরাইনে আরও একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং সেখানে তিনজন আহত হয়েছেন।

এছাড়া কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা সবাই স্থিতিশীল রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির সুরক্ষায় সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রবাসীদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ‘বাংলার জয়যাত্রা’ নামের বাংলাদেশি জাহাজটি বর্তমানে জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।