tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়ার পর মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কে পৌঁছালে শহিদুল আলমকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সঙ্গে প্রকাশ করা হয় স্বাগত জানানোর কয়েকটি ছবিও।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমের মুক্তিতে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক কূটনৈতিক তৎপরতা চালায়। জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলিকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত মুক্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, শহিদুল আলমের মুক্তিতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে একটি নৌবহর গাজার উদ্দেশে যাত্রা করে। শহিদুল আলম ছিলেন সেই বহরের অংশ, যেখানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। একইসঙ্গে ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের আরও একটি উদ্যোগের আটটি নৌযানও এতে যুক্ত হয়।

গত বুধবার ইসরায়েলি সেনারা বহরটি আক্রমণ করে এবং সব নাবিক ও অধিকারকর্মীকে আটক করে। তখন থেকেই শহিদুল আলমের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।