ইরান ইসরাইলের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংঘাতের ১৭তম দিনে সোমবার (১৬ মার্চ) তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত পাঁচটি ইসরাইলের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে এবং জেরুজালেমে আঘাত হানে। আঘাতে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছেন।
রিশন লেজিয়নের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নারী আহত হয়েছেন। জেরুজালেমের নেসেট ও চার্চ অব দ্য হোলি সেপালকার এলাকায় ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ পড়ে। হামলা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত পাঁচ ধাপে চালানো হয়। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কিছু ওয়ারহেড আবাসিক এলাকায় আঘাত হানে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। এতে আলী খামেনিইরের ব্যক্তিগত জেট বিমান এবং একটি মহাকাশ গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে। আইডিএফ জানায়, ইরানি হামলার কারণে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল



