ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।
সংস্থাটি জানায়, গত ১৩ দিনে দেশজুড়ে চলা বিক্ষোভে এসব প্রাণহানির ঘটনা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে প্রথম বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং এতে সরাসরি সরকারবিরোধী স্লোগান যুক্ত হয়।
সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১টি প্রদেশে বিক্ষোভ চলাকালে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমান নিহতের হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতে করা হয়েছে, যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী নয়জন কিশোর-কিশোরী রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে সব শিশুর সুনির্দিষ্ট বয়সসংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ এখনো চলমান।
এদিকে তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস ও হামেদান এলাকায় আরও প্রাণহানির খবর পাওয়া গেলেও সেগুলো এখনো যাচাই করা সম্ভব হয়নি। যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এসব ঘটনাকে এখনো আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।



