ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা করে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। ইরানের চিন্তাবিদ ও সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য হাসান রহিমপুর আজঘাদি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে, ট্রাম্পের ক্ষেত্রেও তেমন ব্যবস্থা নেওয়া উচিত।
শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে আজঘাদি বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক অবস্থানের প্রতিক্রিয়ায় ট্রাম্পকে তার কর্মকাণ্ডের মূল্য দিতে হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে, সেই যুক্তি অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া ‘ন্যায্য’ হতে পারে।
তিনি আরও বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় কিংবা পরে হলেও দায় এড়াতে পারবেন না এবং ব্যক্তিগতভাবে তিনি আশা করেন, একদিন ট্রাম্পকে আটক করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। পরে তাদের নিউইয়র্কে নিয়ে গিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করা হয় বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল



