tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ঘাঁটি, ফাঁস স্যাটেলাইট ছবি

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ঘাঁটি, ফাঁস স্যাটেলাইট ছবি

ইরান ও হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে স্যাটেলাইট ছবির বিশ্লেষণে। এতে প্রকৃত ক্ষতির পরিমাণ নিয়ে ইসরায়েল তথ্য গোপন করছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

স্যাটেলাইট বিশ্লেষণ সংস্থা সোয়ার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর সময় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছিল বলে জানানো হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, রামাত ডেভিড বিমানঘাঁটির দুটি আলাদা এলাকায় হামলার প্রভাব পড়ে। এর একটি অংশে সামরিক যান ও সরঞ্জাম সংরক্ষণ করা হতো এবং অন্য অংশটি ছিল যুদ্ধবিমানের জ্বালানি ও সার্ভিসিং কেন্দ্র।

এছাড়া সাফেদের কাছে অবস্থিত ইউনিট ৮২০০ গোয়েন্দা ঘাঁটি ‘মিশার বেস’-এও হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। দাবি করা হয়েছে, মার্চের ৫ থেকে ১০ তারিখের মধ্যে ওই ঘাঁটিতে আঘাত হানা হয়।

নেভাটিম বিমানঘাঁটির একটি অংশেও বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। মার্চের ২৫ তারিখের স্যাটেলাইট ছবিতে ক্ষতিগ্রস্ত এলাকা স্পষ্টভাবে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরেকটি ছবিতে ক্যাম্প শিমশোনে ব্যাপক অগ্নিকাণ্ডের চিত্র ধরা পড়েছে। হিজবুল্লাহ যেদিন ড্রোন হামলার দাবি করেছিল, সেদিনই সেখানে আগুনের সূত্রপাত হয় বলে বিশ্লেষণে বলা হয়েছে। আগুন কয়েকদিন ধরে জ্বলেছে এবং এতে ঘাঁটির অন্তত ২০০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সামরিক সেন্সররা ইচ্ছাকৃতভাবে স্যাটেলাইট ছবির মান কমিয়ে প্রকাশ করেছে, যাতে প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা আড়াল করা যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৭৬৫টি ড্রোন নিক্ষেপ করেছে।

অন্যদিকে, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি