মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত থাকবে। তবে তেহরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি আর কার্যকর নয়।
শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “ইরান আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা এতে সম্মত হয়েছি। তবে তাদের জানিয়ে দিয়েছি, যুদ্ধবিরতি শেষ।”
হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে ইরানের হামলার পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র কয়েক দফা সামরিক অভিযান চালায়। তবে বৃহস্পতিবার নতুন করে কোনো হামলার নির্দেশ দেননি ট্রাম্প।
এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইরানে অবস্থান করছেন এবং দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, সীমিত সামরিক অভিযান পরিচালনার পর তা স্থগিত রেখে উত্তেজনা আরও না বাড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ সৃষ্টি করাই ছিল ওয়াশিংটনের কৌশল।
সূত্র: সিএনএন



