ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেদ্দায় তার কার্যালয়ে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
ধর্ম উপদেষ্টা বাংলাদেশের মুসলমানদের সেবায় সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানালে সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কার্যক্রমে সমর্থন দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। এসময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সৌদি মন্ত্রী বাংলাদেশ–সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে দ্বীনি দাওয়াত, সচেতনতা বাড়ানো এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমে সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, এসব উদ্যোগ ইসলামের সহনশীলতা ও মধ্যপন্থার মূল্যবোধ প্রচারে সৌদি আরবের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ধর্ম উপদেষ্টা দুই পবিত্র মসজিদ পরিচালনা, হজযাত্রীদের সেবা এবং বিশ্বজুড়ে সহনশীলতা প্রচারে সৌদি আরবের অবদানকে প্রশংসা করেন। পাশাপাশি দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে দুই দেশের মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (হজ) মো. আয়াতুল ইসলাম, কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর মো. কামরুল ইসলাম প্রমুখ। বর্তমানে ধর্ম উপদেষ্টা সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।



