tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদজাতীয়ঢাকায় টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

ঢাকায় টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে উত্তরের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ পরিস্থিতির মধ্যেই রাজধানী ঢাকায় শনিবার (১১ জুলাই) রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। রোববার (১২ জুলাই) ভোর থেকে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমে যায়। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেই অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবীরা প্রয়োজনের তাগিদে গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন। কেউ ছাতা, কেউ রেইনকোট, আবার কেউ পলিথিন দিয়ে নিজেকে ঢেকে বৃষ্টির মধ্যেই চলাচল করছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের পর টানা বর্ষণে রূপ নেয়। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে দিন কাটছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের।