সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার দিনগত রাতে নিয়মিত টহলের সময় সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে এ অভিযান চালানো হয়। টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ বোটটি উদ্ধার করে।সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। পরে সেটিকে সহায়তা করতে এগিয়ে গেলে বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়।
বিষয়টি তাৎক্ষণিক নৌবাহিনীকে জানানো হলে সেন্ট মার্টিন ও আশপাশের এলাকায় টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
নৌবাহিনীর সদস্যরা দেখতে পান, বোটটিতে পানি প্রবেশ করছে। পরে দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
আইএসপিআর আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌবাহিনী ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে। অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।



