বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। এর আগে এ পদে থাকা অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পদত্যাগপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তার পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক মামুন আহমেদ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে চার বছর মেয়াদে উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
অন্যদিকে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ দীর্ঘদিন দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। সে সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এ পদে নিয়োগ দেন। ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর প্রায় ছয় বছর তিনি এ দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত পাঁচ বছর এ পদে ছিলেন তিনি।



