রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের মোট ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গতরাতে দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১২১টি স্থির-ডানাযুক্ত মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) শনাক্ত করে ধ্বংস করেছে।
রুশ মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূপাতিত ড্রোনগুলোর মধ্যে ২০টি রোস্তভে, ১৯টি ভলগোগ্রাদে, ১৭টি ব্রায়ানস্কে, ১২টি কালুগায়, ১১টি স্মলেনস্কে, ৯টি বেলগোরদে এবং আরও ৯টি মস্কো অঞ্চলে ধ্বংস করা হয়েছে—যার মধ্যে ৭টি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল। এছাড়া ৮টি করে ড্রোন নামানো হয় ভোরোনেজ ও লেনিনগ্রাদ অঞ্চলে, ২টি করে নভগোরদ, রিয়াজান ও তামবোভে, আর একটি করে টভার ও তুলায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



