ফ্যাসিবাদ একবার পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে—এ কথা উল্লেখ করে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আদিলুর রহমান খান বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে। গত ১৭ বছর ধরে দেশ যে দমন-নিপীড়নের পথে এগিয়ে যাচ্ছিল, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে।”
অনুষ্ঠানে ফ্যাসিবাদ আমলে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের ৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।



