tanaka
প্রচ্ছদসারাদেশআশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন

আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। দুটি বাসই আলিফ পরিবহণের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাস দুটি সড়কের পাশে পার্কিং করা ছিল। ভোরে হঠাৎ বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

বাস দুটি পার্কিংয়ে থাকা অবস্থায় অগ্নিসংযোগের ঘটনা ঘটায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।