আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটির নতুন ঠিকানা এখন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। কোরবানির জন্য বিক্রি হলেও শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ঈদুল আজহায় অ্যালবিনো জাতের এই মহিষটি জবাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটিকে প্রথমে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে রাতে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই মহিষটিকে কোরবানি না করে আপাতত চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে নির্দেশ আসে, প্রাণীটিকে কোরবানি করা যাবে না এবং প্রয়োজন হলে থানায় হেফাজতে রাখতে বলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
অ্যালবিনো জাতের এই মহিষটির সাদা বর্ণ ও চোখের গঠন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল আছে—এমন ধারণা থেকে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এর নাম রাখেন ‘ট্রাম্প’।
এরপর থেকেই মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচনায় আসে।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছে। সে অনুযায়ী মোট দাম দাঁড়ায় প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।



