tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআলোচনার পরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আলোচনার পরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি ঠেকাতে নেওয়া এসব নিষেধাজ্ঞার আওতায় ১৪টি জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ইরান তেল থেকে অর্জিত রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন করছে এবং দেশের অভ্যন্তরে দমন–পীড়ন আরও জোরদার করছে। তিনি জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি তেল পরিবহনে জড়িত ১৪টি জাহাজের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হবে। এসব জাহাজের মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত জাহাজও রয়েছে। একই সঙ্গে ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা বন্ধে অন্যান্য দেশগুলোকে বাধ্য করতে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ওমানে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ দূতদের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, আলোচনায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ দমনের প্রেক্ষাপটেই এই আলোচনা শুরু হয়। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেন এবং ইরানের উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেন।

সূত্র: এনডিটিভি