ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নিষিদ্ধের দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, দেশজুড়ে আইন-শৃঙ্খলার অবনতির জন্য দায়ী এই সংগঠনটিকে নিষিদ্ধ করা প্রয়োজন।
শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস সভাপতির মতে, আরএসএসকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
খাড়গে বলেন, “দেশের অধিকাংশ আইন-শৃঙ্খলাজনিত সমস্যা বিজেপি ও আরএসএসের কার্যকলাপের ফল। প্রধানমন্ত্রী যদি সত্যিই সর্দার প্যাটেলের ভাবনা ও আদর্শকে সম্মান করেন, তবে তার মতোই এই সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতেও ছাড়েননি কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “মোদি প্রায়ই সর্দার প্যাটেলকে স্মরণ করেন, কিন্তু তার বাস্তব চিন্তাধারাকে মানেন না।”
খাড়গে স্মরণ করিয়ে দেন, ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক চিঠিতে আরএসএসের সন্দেহজনক কার্যকলাপের কথা উল্লেখ করেছিলেন। সেই কারণেই প্যাটেল তখন আরএসএসকে নিষিদ্ধ করেন।
কংগ্রেস সভাপতির অভিযোগ, মোদি সরকার ইতিহাস বিকৃত করছে। তিনি বলেন, “গান্ধী, গডসে, আরএসএস ও ২০০২ সালের দাঙ্গার প্রসঙ্গ এনসিইইআরটি বই থেকে বাদ দেওয়া হয়েছে। সর্দার প্যাটেল ধর্মনিরপেক্ষতা ও জাতির স্বার্থে আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন, আর আজ বিজেপি সেই ইতিহাস নিজেদের মতো করে লিখছে।”
অন্যদিকে, গুজরাটে স্ট্যাচু অব ইউনিটিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালান। তিনি বলেন, “সর্দার প্যাটেল যেমন দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে একত্রিত করেছিলেন, তেমনই কাশ্মীরকেও যুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু নেহরু তাকে তা করতে দেননি। কাশ্মীরকে আলাদা সংবিধান ও পতাকা দেওয়া হয়েছিল, যার ফল দেশকে দীর্ঘদিন ভোগ করতে হয়েছে।”



